২০০ এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীর জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় তিনি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ১০ রমজান নোবিপ্রবি সংলগ্ন বাংলাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা ও এমিতখানায় ব্যক্তিগত উদ্যোগে তিনি এ আয়োজন করেন। ইফতারের আগে বিশেষ আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা রুহুল আমিন।
বিশেষ আলোচনায় নোবিপ্রবি উপাচার্য বলেন, এখানে কোমলমতি শিশুরা সারা বছর পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াত করে থাকে। গত বছরের ন্যায় এবারও আমরা তাদের সঙ্গে ইফতার করতে এসেছি। আল্লাহ যেন আমাদের ইফতারকে কবুল করেন। একই সঙ্গে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। সৎ এবং হালাল পথে চলার তৌফিক দান করেন। আমরা যে পড়াশোনা করছি এবং যে জ্ঞান অর্জন করছি তার একটাই লক্ষ্য আমরা যেন সুনাগরিক হই এবং দেশের ও দশের জন্য আমরা যেন কাজ করতে পারি। সেই জায়গা থেকেই আজকের ইফতারে আমরা দোয়া করবো আল্লাহ যাতে আমাদের দোয়াগুলো কবুল করেন।
এ সময় তিনি আরও বলেন, আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জনাই এমন সুন্দর একটি আয়োজনের জন্য। একই সঙ্গে আমি অনুরোধ করব আমাদের যারা কুরআন শিখছে তাদেরকে কিছু হাতের কাজ যদি শেখানো যায় যাতে তারা দুনিয়াবী কাজের সঙ্গেও অভ্যস্ত হতে পারে। এতে তাদের রুটি-রুজির একটি সুন্দর ব্যবস্থাও হবে। সে জায়গাগুলোতে আপনারা চিন্তা করবেন এবং সেখানে যদি আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু করার থাকে আমরা তাতে সর্বাত্মক সহযোগিতা করব।
ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান, মাদ্রাসা পরিচালনা বোর্ডের সভাপতি হাজী আব্দুর রবসহ নোবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও মাদ্রাসার আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
নাঈম/