পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ একমাসের ছুটির পর গত ২৯ মার্চ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো খুলেছে রাজশাহী কলেজ। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে শিক্ষার্থীরা আবারও ফিরছেন তাদের পরিচিত ক্যাম্পাসজীবনে। কলেজের হলগুলোতেও ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘ ছুটির পর ক্যাম্পাসজুড়ে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
কোথাও বন্ধুদের সঙ্গে আড্ডা, কোথাও-বা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ততা— সব মিলিয়ে ফিরে এসেছে সেই চিরচেনা প্রাণবন্ত পরিবেশ। পদ্মপুকুর, রাষ্ট্রবিজ্ঞান ভবন, পুলিশ ফাঁড়ি এলাকাসংলগ্ন এবং ক্যাম্পাসের মাঠজুড়ে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা, কেউ অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত কেউ-বা খেলাধুলায় ব্যস্ত- সবখানে চিরচেনা পরিবেশের দেখা মিলছে।
কলেজের কয়েকটা বিভাগ ঘুরে দেখা যায়, প্রথম দিন হওয়া সত্ত্বেও শিক্ষকরা অনেক গুরুত্বসহকারে ক্লাস নিয়েছেন। যদিও শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম।
মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদা সুলতানা হীরা বলেন, ঈদের পর ক্যাম্পাসে ফিরে খুবই ভালো লাগছে।
যখনই ক্যাম্পাসে আসি তখনই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আজ ক্যাম্পাসে আসার পর নিরিবিলি শান্ত পরিবেশ ছিল। ক্যাম্পাসে এসে লক্ষ্য করেছি, গাছে গাছে আমের গুটি ও গাছে গাছে নতুন পাতা গজিয়েছে।
তিনি আরও বলেন, ছুটির পর বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লেগেছে- যেন ঈদের আনন্দের রেশ এখনো রয়ে গেছে।
অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, ঈদ শেষে অনেক দিন পর ক্যাম্পাসে এসে ক্যাম্পাসের পরিবেশটা যেন অনেক ভালো লাগছে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটালেও ক্যাম্পাসে ফিরে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি একেবারেই ভিন্ন।
তিনি জানান, আজকের ক্লাসগুলো খুবই ভালোভাবে হয়েছে। শিক্ষকরাও পড়াশোনার জন্য শিক্ষার্থীদের বেশ গুরুত্ব দিয়েছেন। তিনি জানান, পড়াশোনায় নতুন উদ্যমে মনোযোগ দিতে হবে।
লেখক: শিক্ষার্থী, রাজশাহী কলেজ