ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হলগুলোর আবাসন সংকট নিরসন এবং অতীতে গেস্টরুম ও গণরুমের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের বিচারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে ছাত্রসংগঠনটি।
এ সময় বিগত সময়ে হলগুলোতে গেস্টরুম-গণরুমে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘অতীতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুম ও গণরুমের মাধ্যমে ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এতে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হয়েছে এবং অনেকে পড়াশোনা শেষ করতে পারেননি। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’
তদন্ত কমিশনের আহ্বান জানিয়ে বলেন, ‘এ বিষয়ে আমরা ৫ আগস্ট পরবর্তী সময়েও আগের প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। বর্তমান প্রশাসনের কাছে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিষয়টি তদন্তের আহ্বান জানাই।’
অভিযোগ করে তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির অতীতে গেস্টরুম ও গণরুমের নির্যাতনের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তা অস্বীকার করে উল্টো ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে আমাদের কাছে প্রমাণ রয়েছে।’
আবাসন সংকট প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাবি পুরোপুরি আবাসিক না হওয়ায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের শয্যা দেওয়া কেন্দ্র করে অতীতে গেস্টরুম ও গণরুম সংস্কৃতি গড়ে ওঠে। তাই প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে শয্যা দিতে হবে এবং যাদের দেওয়া সম্ভব নয়, তাদের জন্য আবাসনবৃত্তি সহায়তার ব্যবস্থা করতে হবে।’
এ সময় সভাপতি গণেশ চন্দ্র রায় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে এবং কোনো সংগঠনের কর্মকাণ্ড যেন সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
আরিফ জাওয়াদ/নাঈম




