পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। হামলার বিচার দাবি করে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) বিকেল সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষকরা বলেন, ‘গত ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অস্থিতিশীলতা চলছে। উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় উপাচার্যের নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।’
শিক্ষকদের দাবি, সকাল সাড়ে ৯টার দিকে সংঘটিত ওই হামলায় ডিন, অধ্যাপক, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।
সংবাদ সম্মেলনে হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সোমবার দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাসার, সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কৃষিবিদ ড. হাসিব মোহাম্মদ তুষার, টিএসসি পরিচালক আবুবকর সিদ্দিক, পবিপ্রবি ছাত্রদলের সভাপতি অহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ অন্যরা।
হাসিবুর রহমান/রিফাত/




