কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় করা মামলায় দিনাজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং বিএনপি নেতা মো. আব্দুল্লাহসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে গত তিন দিনে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা বেশিরভাগই বিএনপি-জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দিনাজপুরে পুলিশের ওপর হামলা এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরসহ নাশকতা মামলার আসামি।
পুলিশ আরও জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীরা গত বৃহস্পতিবার (১৮ জুলাই) জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। পুলিশের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মী আহত হন।
এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি মামলা করা হয়।
এ চার মামলায় মোট ১৫০ জনের নাম উল্লেখ এবং প্রায় ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।
জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ খবরের কাগজকে বলেন, ‘পুলিশের কাছে সুস্পষ্ট তথ্য আছে যে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে শহরে নাশকতা চালায়। পুলিশ তাদের চিহ্নিত করতে পেরেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
আলমগীর/পপি/