দেশের জনপ্রিয় দৈনিক খবরের কাগজ পত্রিকার পাঠক সংগঠন বন্ধুজনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে সাতক্ষীরা প্রাণসায়ের খালের সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষ রোপণ করেছে জেলা প্রশাসন।
শনিবার (২ নভেম্বর) সকালে প্রাণ সায়ের খালের দুই পাড়ে ২ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সরকারি কর্মকর্তা, খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজন, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল বহু বছর ধরে দখল ও দূষণের শিকার। উত্তর-দক্ষিণ ১৪ কিলোমিটার দীর্ঘ খালটির শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খালটি দখলমুক্ত ও পরিচ্ছন্ন করার জন্য যুব দিবস সামনে রেখে এক অনন্য উদ্যোগ গ্রহণ করে সাতক্ষীরা জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রাণ সায়ের খাল সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জলপথ। আমরা এ খালকে দেশের মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন জলপথে পরিণত করতে চাই। আমরা প্রথম ধাপে খাল সংস্কার কর্মসূচি ও সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। পর্যায়ক্রমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।