নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে টেঁটা যুদ্ধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কালিকাপুর গ্রামের মনসুর আলী ও সাবুত আলীর বাড়ির লোকজন এই সংঘর্ষে জড়ায়।
আহতরা হলেন- ওই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মকবুল হোসেন (২৫), মৃত সাদত আলীর ছেলে আশরাফ আলী (৪৫), মৃত মুক্তিযোদ্ধা শুক্কুর আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫), ছায়দুল ইসলাম (২৫), শুক্কুর আলীর স্ত্রী আমেনা বেগম (৬০), বাচ্চু মিয়ার স্ত্রী সখিনা বেগম (৫০), মস্তু মিয়ার ছেলে মোখলেস (৫০), আলী আজমের ছেলে নাজীর মিয়া (৪৫) এবং মৃত কালু মিয়ার ছেলে লাক মিয়া (৪২)।
আহতদের মধ্যে মকবুল হোসেন গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ ছাড়া অন্যরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক বছর আগে নজীর মিয়া একই এলাকার হাসান মিয়ার ছেলে মনু মিয়ার কাছ থেকে একটি জমি কেনেন। একই জমি অন্য আরেকজনকে কিনে দিতে চাইছিলেন ইউপি সদস্য নান্নু মিয়া। নান্নু ও নজীর মিয়া একই বাড়ির। নান্নু মিয়ার পক্ষে জড়িত হন হুমায়ুন কবির বরকত আলী। তিনি সাবুত আলী বাড়ির নেতৃত্ব দেন। তিনি চাঁনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
সংঘর্ষের বিষয়ে নজীর মিয়া বলেন, ‘আমি একটা জমি কিনেছি, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল এটা নিয়ে মীমাংসায় বসলে বিরোধে জড়িয়ে আমার একজন লোককে পিটিয়ে আহত করে তারা। এরই জেরে পুনরায় আজ ভোরে নান্নু মিয়া ও বরকত আলীর নেতৃত্বে অতর্কিত হামলা করে তারা। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছে।’
এ বিষয়ে নান্নু মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে বরকত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধ নিয়ে মনসুর আলীর বাড়ির লোকজনই ঝগড়ায় জড়ায়। এখানে আমার সম্পৃক্ততা নেই। আমি এ ঘটনায় জড়িত না। গেল পরশু রাতে তারা মীমাংসায় বসে বিরোধে জড়ান। এরই জেরে আজ সংঘর্ষের ঘটনা ঘটে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শাওন/নাবিল/সালমান/