জুলাই গণআন্দোলনের শহিদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এবং এই গুম-খুন-হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের আগমন উপলক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জিএম কাদেরের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদেও বলেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নিয়ে যে আলাপ জাতীয় পার্টি দিচ্ছে-তা ফ্যাসিবাদের আরেকটি দোসর। জাতীয় পার্টির ওপর ভর করেই কিন্তু ফ্যাসিবাদ মহীরুহু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর-সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না।’
এসময় ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াকে সোচ্চার হবার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে বিদ্বেষ ছড়ানোর জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশে যে হিন্দু-মুসলিম বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা বেশি বেশি গণমাধ্যমে তুলে ধরতে হবে।
হাসনাত আবদুল্লাহ ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন প্রমুখ।
জহির শান্ত/মাহফুজ/এমএ/