চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন এনএসআই টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। এ সময় এক যাত্রীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় এনএসআই টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা বিমানের ভিতরে তল্লাশি চালিয়ে বিমানের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ২০টি স্বর্ণ বার (২ কেজি ৩৩০ গ্রাম, ২৪ ক্যারেট) উদ্ধার করে। যার বাজারমূল্য দুই কোটি ৬০ লাখ টাকা।
মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণগুলো চোরাচালানের উদ্দেশে বিশেষ কায়দায় লুকিয়ে আনায় এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
তারেক/নাবিল/মেহেদী