কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি করেছেন মুক্তিযোদ্ধারা।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গাইবান্ধা ডিবি সড়কের পৌর পার্কের সামনে এ মানববন্ধন করেন তারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলার সাবেক জেলা ও উপজেলার কমান্ডার’ ব্যানারে এ কর্মসূচিতে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহজাদা, সাবেক গাইবান্ধা সদর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা-আলী আকবর, সাবেক জেলা ডেপুটি কমান্ডার ওয়াসিকার মোহাম্মদ ইকবাল, ফুলছড়ি উপজেলার সাবেক কমান্ডার হবিরব রহমান, সাবেক কমান্ডার আজহারুল ইসলাম বাবলু প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, ‘একাত্তরের সময়ে দেশ স্বাধীন করেছি, অপমান হওয়ার জন্য? সেদিন আমরা জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে না গেলে আজ এভাবে কথা বলতে পারতেন না। বীর মুক্তিযোদ্ধা কানুর ওপর হামলা কেন? মুক্তিযোদ্ধারা অপরাধ করতে পারে, তার জন্য দেশে আইন রয়েছে, বিচার হবে। কিন্তু তাকে জুতার মালা পড়িয়ে হামলা করতে হবে কেন? একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান মানে, পুরো জাতির জন্য অসম্মান।
এ সময় মুক্তিযোদ্ধারা, এ হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
রফিক খন্দকার/জোবাইদা/