চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙর থেকে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার ও সিমেন্টসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা ল্যাফটেনেন্ট কমান্ডার সাবিক মেহবুব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বন্দরের বর্হিনোঙরের ২নং বয়ার কাছে অবৈধভাবে বিপুল পরিমাণ ইউরিয়া সার, সিমেন্ট, পেইন্ট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাচার হচ্ছে - এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তানভীর সোমবার (৬ জানুয়ারি) রাতে অভিযান চালায়। এতে একটি কাঠের বোটকে ধাওয়া করে কোস্টগার্ড। পরে পাচারকারীরা পারকির চর এলাকায় বোটসহ সব মালামাল রেখে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে ৯৯৫ বস্তা ইউরিয়া সার, ৫৪ ব্যাগ সিমেন্ট, ৮৪ লিটার পেইন্ট ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীসহ বোট জব্দ করা হয়।
সাবিক মেহবুব খবরের কাগজকে বলেন, ইউরিয়া সার ডিলার ছাড়া পরিবহন করা যায় না। ধারণা করা হচ্ছে কোন বড় জাহাজ থেকে নামিয়ে অবৈধ ভাবে পাচার করছিল চক্রটি। কোস্টগার্ডের ধাওয়া খেয়ে কাঠের বোট রেখে পালিয়ে যায় পাচারকারীরা। আমরা বোটসহ পণ্যগুলো জব্দ করেছি। জব্দ মালামালের বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউস ব্যবস্থা গ্রহণ করবে।
নাবিল/