প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘যেভাবে নিজের জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটটাও পাহারা দেবেন। দরকার হলে সবাইকে ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে, যাতে সুন্দর একটি নির্বাচন হয়।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় বাবা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘দেশবাসীকে সঙ্গে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই। শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আমরা এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে। এ উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সব সমস্যা সমাধান হবে।’
তিনি বলেন, ‘আগে প্রশাসনের সহযোগিতা আপনারা ঠিকমতো পাননি, এবার আপনারা সেই সহযোগিতা পাবেন। আমরা চাই একটা নিরপেক্ষ, সুন্দর ত্রুটিমুক্ত নির্বাচন হোক।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন কারও হুকুম মতো চলবে না, সরকারের চাহিদানুযায়ীও চলবে না। আইন কমিশনকে যে ক্ষমতা দিয়েছে সেই অনুযায়ী ষোলোআনা চলবে। আমরা কারও পক্ষে কাজ করি না, করব না। এটাই আমাদের অঙ্গীকার।’
সিইসি বলেন, ‘ভোটকেন্দ্রে বাধা প্রদান ও মানুষ মারার ঘটনাগুলো আর ঘটবে না। এসব অপরাধ কর্মকাণ্ড কোনোক্রমেই হতে দেওয়া হবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন এ সময় উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার উদ্দেশে কুতুবদিয়া ত্যাগ করেন।
মুহিববুল্লাহ মুহিব/এমএ/