কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে শাওন কর্মকার (৩৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩ মার্চ) কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ি পোস্ট এলাকার কেরানীনগর এলাকা থেকে ১০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে।
শাওন ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার কাশিপুর মিশন রোড গ্রামের শান্তি কর্মকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ সাংবাদিকদের জানান, সোমবার সকালে কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোষ্ট এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর শাওন কর্মকার নামে ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভারত সরকার প্রদত্ত ব্যক্তিগত ১টি আধার কার্ড, ১টি পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড এবং ১টি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
জহির/মেহেদী/