রাঙামাটির লংগদুতে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মনির (৩০) নামের এক যুবককে আসামি করে থানায় মামলা করেছেন কিশোরীর বাবা।
বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের তিনব্রিজ টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২১ মার্চ) রাতে এ ঘটনায় লংগদু থানায় মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মনির দুই সন্তানের বাবা। স্থানীয়রা তাকে আটক করলেও মাতব্বরদের সহায়তায় পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর বাবা।
ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে হঠাৎ ভুক্তভোগী কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতে প্রতিবেশী মনিরের বাসায় গিয়ে কিশোরীর খোঁজ জানতে চাইলে তার স্ত্রী জানান, স্বামী তামাকখেতে আছে। পরে ভুক্তভোগীর বাবা লোকজন নিয়ে তামাকখেতে গেলে মনির পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসা করলে কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে মনির। পরে তার স্বীকারোক্তিতে সেখান থেকে ধর্ষণের আলামতসহ কিশোরীকে উদ্ধার করা হয়।
তিনি জানান, স্থানীয়রা মামলা-মোকাদ্দমা না করে এলাকায় বসে সমাধানের কথা বলেন। তবে একপর্যায়ে ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেন তারা।
ভুক্তভোগী কিশোরী বলেন, ‘প্রতিবেশী মনির আঙ্কেলের স্ত্রী আমার সঙ্গে মনিরের সম্পর্কের বিষয়টি বাবাকে বলে দেওয়ার ভয় দেখালে আমি তামাকখেতে পালিয়ে যাই। কিছুক্ষণ পর মনির আমাকে সেখানে দেখতে পেলে জোর করে তামাক খেতের ভেতরে নিয়ে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে চট্টগ্রাম নিয়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তামাকের চুল্লিতে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।’
এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ভুক্তভোগী কিশোরীর বাবা ঘটনার রাতেই থানায় গিয়ে অভিযোগ করলে মনিরকে গ্রেপ্তার করতে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় থানা পুলিশের দল। তবে আসামি তার আগেই পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে শুক্রবার কিশোরীর বাবা থানায় ধর্ষণ মামলা করেন। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
জুয়েল/পপি/