বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে সিয়াম মোল্লা (২২) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন তিনজন।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের মাদকবিরোধী অভিযানের সময়ে গোলাগুলি ঘটনার কথা নিশ্চিত করেছেন আগৈলঝারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম।
নিহত সিয়াম মোল্লা পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার বাহের হাট এলাকার রিপন মোল্লার ছেলে। আহত রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে ও এসএসসি পরীক্ষার্থী। আহত অপরজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
তবে আহত রাকিব মোল্লার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্টার ডা. আকরাম হোসেন নিশাদ।
ওসি অলিউল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যার দিকে র্যাব-৮ সদস্যরা উজিরপুর ও আগৈলঝারা উপজেলার সীমান্তবর্তী রত্মপুর এলাকায় সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময়ে মাদক ব্যবসায়ীরা আকস্মিকভাবে তাদের ওপরে হামলা চালালে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা গুলি চালায়। এতে চারজন আহত হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. মাহমুদুল আহসান বলেন, 'আমাদের একটি টিম মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল। এ সময় অভিযানিক দলের ওপর হামলা করে র্যাবের দুই সদস্যকে গুরুতর আহত করেছে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা গুলি করেছে। অভিযান চলছে। পরে বিস্তারিত জানাব।'
সবুজ/মেহেদী/