ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুনা বেগম উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মো. দোবির হোসেন শেখের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা গেছে, রুনা বেগমের শশুর বাড়ি ঝিনাইদহের ফাজিলপুরে। কয়েকদিন আগে শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির ওপর একটি জামগাছে জাম পাড়ার জন্য তিনি গাছে ওঠেন। জাম পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে তিনি ডালসহ নিচে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে আড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন মৃধা বলেন, তার শশুর বাড়ি ঝিনাইদহে। কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। জাম গাছে উঠে জাম পাড়তে যান। এ সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রুনা বেগমকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এন কে বি নয়ন/এসএন