রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক শিশুকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলো- বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের নজরুল মোল্লার ছেলে বাঁধন মোল্লা (১৬), একই উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ীয়া গ্রামের ফরিদ মন্ডলের ছেলে মোহাম্মদ তৌফিক মন্ডল (১৫), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাজাপুর উত্তরপাড়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে জীবন মোল্লা (১৩)।
তারা তিনজন ও ফরিদপুরের মধুখালী থানার লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা নির্যাতনের শিকার শিশুটি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের তৌফিক এলাহী তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক ছাত্র।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল রাত ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে শিক্ষকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে মক্তব বিভাগের ঐ শিশুকে মাদ্রাসার পাশের আবাদি জমিতে নিয়ে বাধন মোল্লা, তৌফিক মন্ডল ও জীবন মোল্লা পালাক্রমে বলাৎকার করে। বলাৎকারের শিকার শিশুটি পরের দিন অসুস্থ্য হয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি শিশুর মাকে জানায়। এর পর গত ২৭ এপ্রিল মাদ্রাসায় এ নিয়ে সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়।
পরের দিন বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশ বলাৎকারের শিকার ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা জানার পর অভিযুক্ত তিন ছাত্রকে থানা হেফাজতে নিয়ে যায়।
এ ঘটনায় ২৯ এপ্রিল ওই শিশুর মা মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, বলাৎকারে সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। নির্যাতনের
শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
সুমন/মেহেদী/