ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় পিকআপ থেকে ১০ কোরবানির গরু লুটের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ মে) রাতে সংঘটিত এ লুটের ঘটনাকে চুরির ঘটনা দাবি করছে পুলিশ। দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ গরুগুলো উদ্ধার করতে পারেনি। তবে অভিযান অব্যাহত আছে বলে দাবি পুলিশের।
স্থানীয়রা জানায়, বিক্রির জন্য ১০টি গরু চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। ওই সময় বগুলা বাজারে কিছু দুর্বৃত্ত পিকআপ ভ্যানটি আটকিয়ে গরু ১০টি লুট করে নিয়ে যায়। গত রবিবার দুপুরে ওই ব্যবসায়ী থানায় গিয়ে অভিযোগ করেন।
এদিকে পুলিশ ওই ব্যবসায়ীর নাম-পরিচয় জানাতে অনীহা প্রকাশ করেছে। থানায় করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিউল করিমের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘সোনাইছড়ি এলাকায় একটি জায়গায় পিকআপ ভ্যান থেকে ১০-১২টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। গরুগুলো উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’