ঈদের ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন। এতে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে।
গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার রাত ১২টা থেকে গত বুধবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ৩১ হাজার ৯৯৮টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার পূর্বমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৩ হাজার ২৮৬টি এবং টোল আদায় হয়েছে ৯৮ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা। আর পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৭১২টি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা।
এদিকে সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এখনো যানজট দেখা যায়নি। হাইওয়ে পুলিশ, টোল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। ঢাকামুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক মনিটরিং চালিয়ে যাচ্ছে প্রশাসন।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, আগামী রবিবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস খুলবে। তাই উত্তরবঙ্গের সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে। তবে যানবাহনের চাপ বাড়লেও যানজটের শঙ্কা নেই। যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশ কাজ করছে।
সিরাজুল ইসলাম/