চট্টগ্রামের সাতকানিয়ায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয় এক ব্যবসায়ীকে। ঘটনার সাড়ে ৮ ঘণ্টা পর জহির উদ্দিন মিন্টুকে (৪৯) উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের স্লুইসগেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বইক্যার পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
অপহরণের শিকার জহির উদ্দিন মিন্টু উপজেলার নলুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহাজাহান সাহেবের বাড়ি এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে। এ ছাড়াও তিনি একই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বলে জানিয়েছেন বর্তমান ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন লিটন।
জহিরের সঙ্গে তার ছোট ভাই মো. সোহেলকে (৩৫) অপহরণ করা হলেও পরে তাকে বাড়ি থেকে মুক্তিপণ নিয়ে আসার জন্য ছেড়ে দেন অপহরণকারীরা। মো. সোহেল বলেন, ‘৭-৮ জনের সশস্ত্র দল অপহরণের পর আমাদের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।’
সাতকানিয়া সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ বলেন, ‘মুক্তিপণ দেওয়ার আগেই সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জহির উদ্দিন মিন্টুকে উদ্ধার করা হয়।’ সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম বলেন, ‘এ ঘটনায় পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই যৌথবাহিনী অভিযান শুরু করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’