ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে টানা আট দিন তালা দিয়ে রাখার পর চেয়ারম্যানের কক্ষের তালা খুলে দিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১ জুলাই) সকালে ইউপি সচিব পরিষদে গেলে তালা খোলা দেখতে পান। তালা খোলা থাকলেও পরিষদ চত্বরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন। তবে তালা খুলে দেওয়ার ঘটনা ফাঁদ হতে পারে, এমন শঙ্কা করছে পরিষদ কর্তৃপক্ষ। এর আগে গত মঙ্গলবার ‘চাঁদা না পেয়ে ইউপি অফিসে বিএনপি নেতার তালা’ শিরোনামে খবরের কাগজে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্থানীয় বিএনপির নেতৃত্বে এলাকাবাসী গত ২২ জুন মহাসড়ক অবরোধ করেন। এরপরেই বিক্ষুব্ধরা পরিষদে তালা ঝুলিয়ে দেন। এতে বেশ কয়েক দিন পরিষদের কার্যক্রম বন্ধ থাকে।
এদিকে বিভাগীয় কমিশনার ও ডিআইজির কাছে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার কাছে চাঁদা দাবি করেছেন। চাঁদা না দেওয়ায় চেয়ারম্যানের অপসারণের দাবি তুলে কার্যালয় তালাবদ্ধ করে রাখা হয়েছিল।
এদিকে তালা খুললেও কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। তবে পরিষদ চত্বরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেছে। ইউপি সচিব জীবন রায় বলেন, ‘সকালে পরিষদে গিয়ে শুধু চেয়ারম্যানের কক্ষের তালা খোলা দেখতে পাই। শুধু স্বাক্ষরের কাজ করতে পেরেছি।’
ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকালে ইউএনওর পরিদর্শনে আসার কথা ছিল। এ জন্য শুধু চেয়ারম্যানের কক্ষের তালা খুলে রাখা হয়েছে। অপর দিকে পরিষদ চত্বরে নেতা-কর্মীদের উপস্থিতি দেখে মনে হচ্ছে কোনো ফাঁদ পেতেছে।’ এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল দাবি করেন, ‘তালা খুলে একটি নাটক সাজানো হয়েছে, যাতে আমি পরিষদে গেলেই বিশৃঙ্খলা ঘটাতে পারে।