গোপালগঞ্জে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৪ জুলাই) ভোরে সদর উপজেলার ডুমদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনা জেলার ফুলতলা উপজেলার দামুদার গ্রামের একরাম ফকিরের ছেলে ট্রাকচালক আফরান ফকির (৩৫) ও গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়ার শ্যামল মোল্লার ছেলে ট্রাকের হেলপার ইয়াসিন মোল্লা।
কাশিয়ানী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছালে ওই ট্রাকসহ অন্য একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ট্রাকের হেলপার ইয়াসিন ও চালক আফরান এবং অন্য অচল ট্রাকের চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ট্রাক দুটি মেরামতের চেষ্টা করছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকের পেছনের ধাক্কা দেয়। এতে ইয়াসিন ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান। আর উল্টে পড়া ট্রাক সরানোর সময় এর নিচ থেকে ট্রাকচালক আফরানের মরদেহ উদ্ধার করা হয়।
বাদল/রিফাত/