রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মো. মাহতাব রহমান ভূঁইয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিমানবাহিনীর প্রতিনিধিদল।
রবিবার (২৭ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিমানবাহিনীর প্রতিনিধিদল নিহত মাহতাবের বাড়িতে গিয়ে তার বাবা ও স্বজনদের সঙ্গে দেখা করে। এ সময় উপস্থিত ছিলেন বিমানবাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান।
উইং কমান্ডার আতিক হাসান বলেন, ‘বিমানবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। আমরা শোকাহত। সারা দেশবাসী দোয়া করছি যেন, এই শোক কাটিয়ে উঠতে পারি। যারা আহত আছেন, তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন আমরা দোয়া করছি।’
মাইলস্টোন ট্র্যাজেডির তদন্তের বিষয়ে আতিক হাসান জানান, তদন্ত কার্যক্রম চলমান এবং নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা আইএসপিআরের মাধ্যমে জানানো হবে।
মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, ‘সারা দেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই আমার ছেলে যেন শহিদের মর্যাদা পায়, এ দোয়া করি।’
গত ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় সপ্তম শ্রেণির মাহতাব গুরুতর আহত হয়। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়। সেখানে চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নম্বর বেডে তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়। গত বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মাহতাবের মৃত্যু হয়। ওইদিন রাতেই দেবিদ্বার উখারী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।