বরগুনার পাথরঘাটা উপজেলার আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষে বিষ মিশ্রিত পানি পান করে পাঁচজন স্কুলছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন- আরিসা, তাসমিম, মনিরা, জান্নাতী ও সাবিনা। তারা সবাই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে কোচিং শেষে ক্লাস শুরুর আগে সাবিনা বাড়ি থেকে আনা পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার শিক্ষার্থী স্বাদ নিয়ে পরীক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষের গন্ধ পাওয়া যায়। এতে পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, ‘প্রথমে মনিরা ও সাবিনা বিষের গন্ধ পাওয়ার কথা জানায়। এর পর শিক্ষকরা বোতল ও খাবার পরীক্ষা করে বিষ মিশ্রণের সত্যতা পান। তাৎক্ষণিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয় এবং প্রশাসনকে জানানো হয়।’
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল-আমিন বলেন, ‘পাঁচ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের বরিশালে রেফার করা হবে।’
ইউএনও মিজানুর রহমান বলেন, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার পর বিদ্যালয়ের শ্রেণিকক্ষের এক কোণ থেকে বিষ মিশ্রিত একটি বোতল উদ্ধার করা হয়। বোতলটি জব্দ করে তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অপু /রিফাত/