মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আলী (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পাঠায়।
নিহত মোহাম্মদ আলী মুন্সীগঞ্জ পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং নয়াগাঁও এলাকার নূর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বেলা ১২ টার দিকে দুই বন্ধুর সঙ্গে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নদীর ঢেউ ও স্রোতের তোরে নিখোঁজ হয় আলী। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলের পাশেই থাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জেলা কার্যালয় থেকে ডুবুরি দল তার সন্ধানে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ঘটনাস্থলের অদূরে নিখোঁজ মোহাম্মদকে শনাক্ত করে মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, 'নয়াগাঁও চাঁনতারা মসজিদের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি। সংবাদ পেয়ে ফায়ার স্টেশনের ডুবুরী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
মইনউদ্দীন/মৌসুমী/