গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির সদস্য আবুল বাশার হাওলাদার বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট আবুল বাশার খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবুল বাশার হাওলাদার বাচ্চু সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার ২ নম্বর আসামি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গোপালগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী- দলীয় শৃঙ্খলা ভেঙে সংগঠনবিরোধী কাজ করায় আবুল বাশার বাচ্চুকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হলো।
এদিকে আবুল বাশার হাওলাদার বাচ্চুকে দল থেকে বহিষ্কার করায় উপজেলা প্রেসক্লাবের ডাকা তিন দিনের অবস্থান ও কলমবিরতির কর্মসূচি স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে আবুল বাশার হাওলাদার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। শৃঙ্খলাভঙ্গকারীকে কোনোভাবেই দলে রাখা যাবে না। তাই আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি।’ কোটালীপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘আসামিরা পলাতক রয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’