বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু বলেছেন, ‘‘১৫ বছর গোপালগঞ্জের মানুষ সরকার চালিয়েছে কিন্তু একটাও মিল কলকারখানা হয়নি। তিনি (শেখ হাসিনা) যদি চাইচেন তাহলে গোপালগঞ্জে এক হাজার কলকারখানা করতে পারতেন আর গোপালগঞ্জে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আজকে গোপালগঞ্জের মানুষের কোনো চাকরি নেই। আর এই সরকার বলে গোপালগঞ্জের সব লোক আওয়ামী লীগের, এদের চাকরি দেওয়া যাবে না। তাহলে আমরা কত বিপদে আছি।’’
আজ সোমবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এম এইচ খান ডিগ্রী কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যারা বিএনপি করি তারা আছি মহা বিপদে। এদের বাড়ি গোপালগঞ্জ, নৌকা ছাড়া ভোট দেয় না। কারো জন্য তদবিরে গেলে বলে, গোপালগঞ্জের লোক কাজ করে লাভ নেই, ওরা নৌকার বাইরে যাবে না। দেখেন আমরা বিএনপি করেও মহা বিপদে আছি।
সাবেক সাংসদ সদস্য এম এইচ খান মঞ্জু আরও বলেন, যদি কোনো মিথ্যা মামলায় মিথ্যা আসামি দিয়ে অন্যায়-অত্যাচার করা হয়, আমরা ঘরে বসে থাকব না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা মেধা খাটিয়ে সত্য উদঘাটন করেন। কেউ যেন মামলা বাণিজ্য করতে না পারে। যারা মামলা বাণিজ্য করবে দরকার হলে তাদের বিরুদ্ধে আমরা রাজ পথে নামব।
এর আগে গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের এই স্লোগানে গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মেজর (অব.) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবীর, টৃঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেহেদি বিল্লাহ, পৌর বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া সহ অসংখ্য নেতা কর্মীরা উপস্থিতি ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট কণ্ঠ শিল্পী হারমোনিয়ামের জাদুকর নকুল কুমার বিশ্বাস সংগীত পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
বাদল সাহা/মাহফুজ