চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপরে কাভার্ডভ্যান রাখতে নিষেধ করায় মো. আজাদ উদ্দিন (৩৮) নামে এক পুলিশ কনস্টেবলের মাথা ফাটানোর ঘটনায় অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিক্রয় প্রতিনিধি আবু বক্কর উপজেলার ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নাপিতের চর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আহত পুলিশ কনস্টেবল মো. আজাদ উদ্দিন বাদী হয়ে অভিযুক্ত আবু বক্করকে একমাত্র আসামি করে একটি মামলা করেন। তারই প্রেক্ষিতে, অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, কনস্টেবলের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিক্রয় প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আহত কনস্টেবল মো. আজাদ উদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ বলেন, এ ঘটনায় অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি বর্তমানে থানা হেফাজত রয়েছেন। তাকে মঙ্গলবার (১৪ অক্টোবর) আদালতে সোপর্দ করা হবে।
এর আগে সোমবার সকাল ৯টার দিকে অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্কর মহাসড়কের উপর কাভার্ডভ্যান রেখে সেখান থেকে বেবি ডায়পার নামিয়ে দোকানে সরবরাহ করছিলেন। এ সময় কনস্টেবল আজাদ উদ্দিন মহাসড়কের উপর থেকে গাড়িটি সরিয়ে রাখতে বললে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সাতকানিয়া ট্র্যাফিক ইন্সপেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এর প্রায় আধা ঘণ্টা পর বিক্রয় প্রতিনিধি আবু বক্কর পুলিশকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ কথাবার্তা ও কটাক্ষ করে মোবাইলে ভিডিও ধারণ শুরু করেন। ওই সময় কনস্টেবল আজাদ তাকে বাধা দিলে তিনি তাকে ধাক্কা দেন। একই সময় কনস্টেবল আজাদও বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে তার হাতে থাকা লাঠি দিয়ে শরীরে একটি আঘাত করেন। একপর্যায়ে বক্কর পার্শ্ববর্তী একটি দোকান থেকে একটি স্টিলের টুল নিয়ে কনস্টেবল আজাদের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পড়ুন> রাস্তায় কাভার্ডভ্যান রাখতে বাধা, কনস্টেবলের মাথা ফাটালেন বিক্রয় প্রতিনিধি
আরিফুল/মেহেদী/