মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই যুবক আর সদর উপজেলার পিরোজপুরে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্লুইসগেটের স্রোতের পানিতে তারা হারিয়ে যাওয়ার পর রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আর পিরোজপুরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় আরেক যুবককে।
নিখোঁজ তিনজন হলেন- মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও পৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভির হোসেন (২০), তার চাচাতো ভাই আমদহ গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক হোসেন (১৫) এবং পিরোজপুর গ্রামের জল্লাদ হোসেনের ছেলে মাহবুব হোসেন (১৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব নদের রসিকপুর স্লুইস গেটের সামনে প্রায়ই লোকজন গোসল করতে যায়। তানভির ও কৌশিক গোসল করছিল। একপর্যায়ে কৌশিককে পানিতে ডুবে যেতে দেখে তানভির এগিয়ে যায়। এ সময় দুজনই স্রোতের টানে হারিয়ে যায়। একইভাবে ভৈরব নদে গোসল করতে গিয়ে পিরোজপুর গ্রামের নিখোঁজ হয় মাহবুব হোসেন।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মন্ডল জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় খুলনা থেকে কয়েকজনকে আনা হয়। রাত পৌনে নয়টার দিকে স্লুইস গেটের অদূরে ভৈরব নদ থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার করা তিনজনকে পরিবারের সম্মতিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং মেহেরপুর সদর ও মুজিবনগর থানায় অপমৃত্যু মামলা করা হবে বলে জানিয়েছে সদর ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
মেহেদী/