চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর নিজের মা ও পরিবারের সদস্যদের নিয়ে রাঙ্গুনিয়ায় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
মঙ্গলবার (নভেম্বর) সকালে রাঙ্গুনিয়ার প্রবেশমুখে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে রাঙ্গুনিয়ার কাদের নগরে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তার মা এবং প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন, “আপনাদের কাছে আপনার ভাইজান চৌধুরীর ছেলে এসেছে, তাকেও আপনারা ভাইজানের মতো গ্রহণ করবেন এবং দোয়া করবেন। পিতার আসনে পুত্র নির্বাচিত হলে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা শান্তি পাবে। আমার ছেলে মনোনয়ন পেয়েছে-এতে আমি আনন্দিত। এ ছাড়া আমি খুশি যে বেগম জিয়া এবার নির্বাচনে নামছেন-তিনি মাঠে নামলেই সবাই এক কাতারে নেমে আসবে।”
নির্বাচনী প্রচারণা শুরু ঘোষণায় হুম্মাম কাদের চৌধুরী বলেন, “বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রার্থীদের তালিকায় রাঙ্গুনিয়ার পক্ষে আমার নাম রয়েছে। আজ থেকেই আমাদের নির্বাচন কার্যক্রম শুরু করছি। আমরা জিয়ারত করে আমাদের ইলেকশন ক্যাম্পেইন শুরু করলাম।” তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ায় বিভিন্ন গ্রুপিং থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এখান থেকে আর কোনো গ্রুপিং থাকবে না; সবাই ধানের শীষের পক্ষে কাজ করবে।”
অনুষ্ঠানে তিনি মুরুব্বীদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বিএনপির মুরুব্বীদের সুযোগ করে দিন; তাদের দোয়ায়ই আমি আজ এই মঞ্চে দাঁড়াতে পেরেছি।” শেষ পর্যন্ত হুম্মাম কাদের চৌধুরী সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “এখন থেকে রাঙ্গুনিয়ার মাটিতে আর কোনও গ্রুপিং থাকবে না—সবাই মিলেই দলকে শক্তিশালী করে সামনে এগুবে।"
এদিকে হুমাম কাদের চৌধুরীকে রাঙ্গুনিয়া এলে হাজারো নেতাকর্মীদের ভীড় জমে। বিমানবন্দর থেকে শুরু করে রাঙ্গুনিয়ার প্রবেশপথ তাপবিদ্যুৎ গেট, জিয়াউর রহমানের মাজার এবং কাপ্তাই সড়কজুড়ে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। ফুলেল শুভেচ্ছা বিনিময় করে তাকে অভিনন্দন জানান নেতাকর্মীরা।
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম/এসএন