রাঙামাটিতে বাজার ফান্ডের বন্দোবস্ত করা জমির হস্তান্তর ও বন্ধকী দলিল রেজিস্ট্রেশন চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি। অন্যথায় শাটডাউন, হরতাল ও অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় শহরের বনরূপায় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবির কথা জানান কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বাজার ফান্ড এলাকাগুলোতে বছরের পর বছর প্রশাসনিক জটিলতার কারণে রেজিস্ট্রি ও ঋণ কার্যক্রম বন্ধ রয়েছে। কোনো ধরনের সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজার ফান্ডের জমি মর্টগেজ করতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় হুমকির সৃষ্টি হয়েছে। ব্যবসার পরিধি ছোট হয়ে আসছে, নতুন উদ্যোক্তা তৈরি বাধাগ্রস্ত হচ্ছে এবং বেকারত্ব বাড়ছে। একইসঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে।
বক্তারা অভিযোগ করেন, অঘোষিত নিষেধাজ্ঞার কারণে পাহাড়ের বাজার ফান্ড এলাকায় ব্যবসার পরিবেশ ভেঙে পড়েছে। মূলধন সংকটে অনেকে ব্যবসা গুটিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এতে স্থানীয় অর্থনীতি চরম দুরবস্থার মধ্যে পড়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মুজিব, আব্দুল কুদ্দুছ, জেলা দুপ্রক-এর সাবেক সভাপতি ওমর ফারুক এবং রাঙামাটি চেম্বার অব কমার্সের পরিচালক দীল বাহাদুর রায়সহ ব্যবসায়ী নেতারা।
জুয়েল/রিফাত/