বগুড়ার শাজাহানপুর উপজেলায় শয়নকক্ষ থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোছা. সাদিয়া মোস্তারিম (২৪), তার মেয়ে মোছা. সাইফা (৩) এবং ৮ মাস বয়সী ছেলে মো. সাইফ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শয়নকক্ষের বিছানায় দুই সন্তানের মরদেহ এবং ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় সাদিয়া মোস্তারিমকে দেখতে পান তার স্বামী মো. শাহাদত হোসেন কাজল (৩০)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বর্তমানে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কর্মরত। কয়েকদিন আগে তিনি ৭ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন।
স্থানীয়রা বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে হঠাৎ মনোমালিন্য হওয়ায় রাতে পাশের রুমে ঘুমিয়ে ছিলেন কাজল। বর্তমানে মানসিকভাবে অসুস্থ অবস্থায় তিনি পুলিশ হেফাজতে আছেন।
এলাকার বাসিন্দা সুমন জানান, সকালে রান্না শেষে ঘরের দরজা বন্ধ দেখে কাজল ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত সাদিয়ার স্বজনরা অভিযোগ করেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। স্বামী পাশের রুমে থাকা অবস্থায় কীভাবে মা নিজ সন্তানদের হত্যা করতে পারে, তা বিশ্বাসযোগ্য নয়। তারা সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার ও শান্তি দাবি করেছেন।’
খলিশাকান্দি গ্রামের ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনা অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে আমরা গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করি।’
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘শয়নকক্ষে দুই সন্তানের রক্তাক্ত মরদেহ এবং ঝুলন্ত অবস্থায় সাদিয়া মোস্তারিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সঠিক তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড না আত্মহত্যা।’
রিপন/এসজি/