ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে, রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল তিনটার দিকে পাটগুদাম বীজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেদুয়ান জাহান নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে। তিনি মহানগর যুবদলের কর্মী ছিলেন।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘একটি ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’
নিহত রেদুয়ানের বাবা মো. সাইদুল হক বলেন, ‘আমার ছেলের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।’
ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইনছান বলেন, ‘রিয়াদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) শফিকুল ইসলাম বলেন, ‘রিয়াদের হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।’
কামরুজ্জামান/নাঈম