ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: মাহদী আমিন যেকোনো সাফল্যে যে দোয়া পড়তেন বিশ্বনবি (সা.) রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ইসরায়েলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সেনাবাহিনী ভাঙ্গায় বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ৭ হালুয়াঘাটে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশে মিলল আরেক নারীর মরদেহ ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি পবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টায় ১০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে যুবদল নেতা আটক বাউফলে জামায়াত নেতার বিরুদ্ধে এসিল্যান্ডের স্বাক্ষর নকলের অভিযোগ চমেকে ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি সীমান্তে শান্তি বজায় রাখতে সাপাহারে মতবিনিময় সভা বছরে ৮ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রুমিন ফারহানার উচ্চশিক্ষা নয়, নৈতিক শিক্ষায় বড় হও জবানের যে ছোট্ট কথায় অফুরন্ত সওয়াব মেলে সমুদ্র বাঁচলে পৃথিবী বাঁচবে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন শাওমি নিয়ে এল ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ ছয় লাখ শিক্ষক-কর্মচারী ঈদের আগে বেতন না পাওয়ায় সংসদে ক্ষোভ চীন-মঙ্গোলিয়া যৌথ মহড়ায় নজর কাড়লো রোবটিক উলফ চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নীতিমালা আধুনিকায়ন করছে সরকার: ত্রাণমন্ত্রী
Nagad desktop

গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ময়মনসিংহের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ময়মনসিংহের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। কাওরাইদ স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। ইঞ্জিন বিকলের ঘটনায় আশপাশে স্টেশন কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।

পলাশ/মাহফুজ

 

রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:১০ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৯:১২ পিএম
রৌমারীতে বিদ্যুতের তার ছিঁড়ে নারীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিদা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুনে পুড়ে দুটি গরু ও দুটি ছাগল মারা গেছে। এ ছাড়া দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে এবং তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় একটি কাঁচা বাঁশ বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে তারে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে না‌য়েব আলীর ছে‌লে মো. নুরুজ্জামান দুদুর গোয়ালঘর ও রান্নাঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘর দুটি পুড়ে যায় এবং গোয়ালে থাকা দুটি গরু ও দুটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়।

এদিকে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তার ছিঁড়ে যাওয়া বিদ্যুতের একটি তার শাহিদা আক্তারের গলায় জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শাহিদা আক্তার কাজাইকাটা গ্রামের সোনা মিয়ার স্ত্রী।

এ ঘটনায় মো. জয় মিয়া, তার স্ত্রী ও মমতাজ বেগমসহ তিনজন আহত হন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কাওছার আলী ব‌লেন, ঘটনা‌টি আমি শু‌নে‌ছি। নিহ‌তের প‌রিবা‌রের পক্ষ থে‌কে অ‌ভি‌যোগ পে‌লে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে। 

গোলাম মাওলা/নাঈম

শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম
শেরপুরে ১২ দিনে পাঁচ শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ
ইসরাফিল-মাশরাফি-রাব্বানী-রাসেল-তোফায়েল। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত ১২ দিনের ব্যবধানে পাঁচজন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।

জানা গেছে, গত ২৭ মে সকালে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে, স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার ১৫ বছর বয়সী শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। এরপর ৬ জুন নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী এবং পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ১৩ বছর বয়সী ছেলে খন্দকার মাশরাফি মাদরাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ৭ জুন দুপুরে পাঁচগাঁও গ্রামের ইকরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের তিন শিক্ষার্থী-১১ বছর বয়সী রাব্বানী, ১২ বছর বয়সী তোফায়েল এবং ১৩ বছর বয়সী রাসেল নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী ছিল বলেও জানা গেছে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। অনেকেই সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম জানান, ইসরাফিল ও মাশরাফির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাঁচগাঁও থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকরাও জিডি করতে থানায় এসেছেন। নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

শাকিল মুরাদ/রিফাত/

জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সেনাবাহিনী

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:২৬ পিএম
জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সেনাবাহিনী
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিকভাবে এলাকাটিতে চারটি সড়ক নির্মাণ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

সোমবার (৮ জুন) ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।

কাজের শুরুতে জঙ্গলসলিমপুর আলিনগরের তিন কিলোমিটার পূর্বে পাহাড়ি এলাকায় নির্মাণাধীন সড়কের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন লে. কর্নেল মো. কামরুল আল মাসুদ, পিএসসি, (ইঞ্জি. অধিনায়ক, ২৬ ইসিবি)।

তিনি বলেন, ছিন্নমূল এলাকা থেকে আলীনগর হাইস্কুল পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। এ ছাড়া আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত আরেকটি সড়ক নির্মিত হবে। আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির পাশ দিয়ে একটি সড়ক চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সঙ্গে যুক্ত করা হবে। এর বাইরে জঙ্গল সলিমপুরে আরও একটি অভ্যন্তরীণ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এখনও প্রকল্পের জন্য কোনো নির্দিষ্ট বাজেট অনুমোদন হয়নি। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে।

তিনি বলেন, দুর্গম, পাহাড়ি ও চ্যালেঞ্জিং এলাকায় সড়ক নির্মাণে সেনাবাহিনীর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা কাজ শুরু করেছি।

জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর একটি দুর্গম, পাহাড়ি ও বনাঞ্চলবেষ্টিত এলাকা। কয়েক দশক ধরে এটি দেশের অন্যতম অপরাধপ্রবণ ও দুর্ভেদ্য জনপদ হিসেবে পরিচিত। নব্বইয়ের দশকে আলী আক্কাস নামে এক সন্ত্রাসী প্রথম এ অঞ্চলে প্রবেশ করে পাহাড়ি খাসজমি দখল করে অবৈধ বসতি স্থাপন শুরু করেন। নিজের দখল বজায় রাখতে তিনি একটি সশস্ত্র বাহিনীও গড়ে তোলেন।

পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের বাস্তুচ্যুত মানুষের কাছে ‘ছিন্নমূল পুনর্বাসন’ প্রকল্পের নামে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে নামমাত্র মূল্যে প্লট বিক্রি করে কোটি কোটি টাকার অবৈধ ভূমি বাণিজ্য গড়ে ওঠে।

গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) নায়েব সুবেদার মোতালেব হোসেন ভুঁইয়া নিহত হন। এর পরিপ্রেক্ষিতে গত ৯ মার্চ এলাকায় অপরাধীদের আস্তানা উচ্ছেদ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় চার হাজার সদস্য অংশ নেন। পরে এলাকায় যৌথবাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

এদিকে, গত ২৪ মে গভীর রাতে জঙ্গল সলিমপুরে স্থাপিত একটি যৌথবাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। জবাবে পুলিশ ও র‍্যাব পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরা পিছু হটে। তবে এর আগে তারা এলাকায় নির্মাণাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। একই সঙ্গে পুলিশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি সড়কও কেটে ফেলে।

মুসলেহ উদ্দীন/নাঈম

ভাঙ্গায় বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ৭

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:১৫ পিএম
ভাঙ্গায় বিয়েবাড়িতে খাবার নিয়ে সংঘর্ষে আহত ৭
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির অনুষ্ঠানে খাওয়ার সময় টেবিলের নিচে মাংস জমা করা নিয়ে কনে পক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়েছেন। 

সোমবার(৮ জুন) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- মো. আরিফ মিয়া, সহিদ মাতুব্বর, ছোরাপ মাতুব্বর ও মমতাজ বেগমসহ বেশ কয়েকজন। তাদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার দেওড়া নয়াকান্দা গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বর পক্ষ,আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের দাওয়াত দেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানে গ্রামের কয়েকজন খাওয়ার সময় টেবিলের নিচে মাংস জমা করে এবং নষ্ট করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর বলেন, বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে পাশের বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে বিষয়টি মিমাংসা করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিয়ে বাড়ির অনুষ্ঠানে মাংস খাওয়া নিয়ে গ্রামের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েক জন আহত হন। পরে স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হয়েছে। 

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশে মিলল আরেক নারীর মরদেহ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৫৯ পিএম
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশে মিলল আরেক নারীর মরদেহ
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মিরহামজানি এলাকায় ট্রেনে কাটা পড়ে মুক্তা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা ওই এলাকার সুজন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী ও ৭ বছর বয়সী সন্তানকে নিয়ে রেললাইন ধরে বাবার বাড়ি যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে একই এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।

উভয় মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল/নাঈম