ভারতে অবৈধ অনুপ্রবেশের পর আটক হয়ে বিভিন্ন কারাগারে সাজা ভোগ করে দেশে ফিরেছেন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিক।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠায় ভারত। পরে পরিবারের কাছে তাদের হস্তান্তর করে পুলিশ।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা ১৭ বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের নভেম্বরে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশে করে। এই অপরাধে বিএসএফ তাদের আটক করে ভারতীয় পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করে। ভারতীয় আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাভোগের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন- মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫), জুমা আক্তার (৩০)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দেশে পাঠানোর পর আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসজি/