গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর ইউনিয়নে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামের মৃত ভবানী শংকর পোদ্দারের ছেলে সমীর পোদ্দার (৪৭) ও তার স্ত্রী লিপিকা পোদ্দার (৪০)।
আহত সমীর পোদ্দার জানান, প্রায় ১২ বছর বছর আগে সোয়ানীপাড়া গ্রামের ধলু পোদ্দারের কাছ থেকে একটি ডোবা জমি কেনেন তিনি ও কিশোর পোদ্দার। পরবর্তীতে ওই ডোবা জমি ভরাট করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন তিনি। ২ বছর আগে ওই জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণ হলে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করে প্রতিবেশী কিশোর পোদ্দার। এনিয়ে আদালতে একটি মামলা করা হলে আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।
তিনি আরও জানান, বুধবার সন্ধ্যায় নিষেধাজ্ঞা থাকা জমিতে কিশোর পোদ্দার ও তার লোকজন কাজ করতে গেলে তার স্ত্রী লিপিকা পোদ্দার বাধা দেয়। পরে তিনি এসে বাধা দিলে কিশোর পোদ্দার ও তার লোকজন বাবু পোদ্দার, বিকাশ পোদ্দার ও সনজিত পোদ্দার তাকে মারধর করে। এর একপর্যায়ে তাকে রামদা দিয়ে আঘাত করলে স্ত্রী লিপিকা ঠেকাতে গেলে রামদায়ের কোপে তিনিও মারাত্মত আহত হন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্যা আফজাল হোসেন জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বাদল সাহা/সুমন/