কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন নয়ন ও সালেহ আহমেদ নামের দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোটের দক্ষিণ আলিয়ারা গ্রামে দুগ্রুপের গোলাগুলি ও দফায় দফায় এ সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে এর আগেও গত ৩ আগস্ট এই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বেশ কয়েকটি পরিবারের সদস্য দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হয়।
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবারের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
জহির শান্ত/সুমন/