জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের আওতাধীন উপকূলীয় চরাঞ্চলের মধ্যে চাঁদপুরের ২২টিসহ ৩৯টি ভোটকেন্দ্র এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে জানিয়েছেন কোস্টগার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে ঈদগাঁ বাজার কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্পে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ কোস্টগার্ড ভ্রাম্যমাণ দল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে এবং করবে। তারই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরা ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জের ১৭ ও চাঁদপুর জেলার মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলায় ২২টিসহ ৩৯টি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকার ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রদর্শনের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে।
কমান্ডার ইমতিয়াজ বলেন, অন্তর্বর্তী সরকার ভবিষ্যৎ বাংলাদেশে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সরকার গঠনের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে একইদিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করেছে। গণভোটের বিষয়টি আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের হ্যাঁ ভোট প্রদানের উদ্বুদ্ধকরণে প্রচারণ চলমান রেখেছি।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড প্রস্তুত।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার শওকত আহমেদ, প্লাটুন কমান্ডার (ইব্রাহিমপুর স্টেশন) লে. কমান্ডার রাফায়েল মনোয়ার উৎসবসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে ঈদগাঁ বাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে মাইকিং ও লিফলেট বিতরণ করে কোস্টগার্ড।
ফয়েজ/অমিয়/