শেরপুরের নকলা উপজেলায় স্থানীয় কৃষক ছামিদুল হক সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রতিবেশী মিন্টু মিয়া (৫৫) ও আঙ্গুর মিয়া (৫০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছামিদুল হক (৫০) নামে একজন আহত হয়েছেন ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার কুবেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া ও একই এলাকার মিরাজ আলীর ছেলে মিন্টু মিয়া এবং আব্দুস সামাদের ছেলে ছামিদুল হক আহত হয়েছেন।
নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষক ছামিদুল হক সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তার প্রতিবেশী মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া। পরে আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়াকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ছামিদুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুজাত বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাকিল/রিফাত/