ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সালমান ওমর রুবেল তার নিজ নির্বাচনি এলাকাকে ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কেউ চান্দাবাজি করতে গেলে সে যে দলের লোক হোক, বেঁধে রেখে খবর দেবেন। কোনো চান্দাবাজের হালুয়াঘাট ও ধোবাউড়ার সীমান্ত জনপদে ঠাঁই নেই। ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করবেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
সালমান ওমর বলেন, 'অত্যাচার, নির্যাতন, হুমকি-ধমকি, নিপীড়ন সহ্য করে আপনারা ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমাকে যে সম্মান আর ভালোবাসা দেখিয়েছেন, তার ঋণ কখনো আমি শোধ করতে পারব না। আপনারা আমার পাশে থেকে দোয়া রাখবেন।'
নতুন এই এমপি দুই উপজেলার (হালুয়াঘাট-ধোবাউড়া) ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, 'প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা নিশ্চিন্তে, নির্বিঘ্নে আপনাদের ব্যবসা পরিচালনা করবেন। আজ থেকে হালুয়াঘাট আর ধোবাউড়া থানায় কোনো প্রকার চাঁদাবাজি হতে দেব না। যারা ভয়ভীতি আর চান্দাবাজি করেছে, তাদের আমি সাবধান করে দিচ্ছি। গুন্ডামি অনেক দেখিয়েছেন, আমার সঙ্গে গুন্ডামি দেখিয়ে লাভ নাই। বহুত বড় গুন্ডা পার কইরা আজ এই জায়গা আসছি। সময় আছে, আপনারা ভালো হয়ে যান।'
সালমান ওমর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন। বুধবার বিকেলে তিনি তার নির্বাচনি এলাকায় আসলে হালুয়াঘাট পৌঁছানোর পর উপজেলার সরচাপুর ব্রিজ থেকে স্থানীয় বাসিন্দা ও সমর্থকেরা সালমান ওমরকে বরণ করে নেন। তারা ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। তিনি নাগলা বাবজার থেকে ধারা বাজার হয়ে হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলা সদরে যান। পরে সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সালমান ওমর রুবেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কামরুজ্জামান মিন্টু/সুমন/