কক্সবাজারের পেকুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের শিশু মোহাম্মদ তাহসিনের মৃত্যু হয়েছে। এতে আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বরইতলী-মগনামা সাবমেরিন নৌঘাঁটি রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির মা শারমিন আক্তার আনারকলির (৩৫) অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হলেন - উম্মে হাবিবা (২৬) ও তার দুই সন্তান আব্দু রহমান (১) ও আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার মো. ইউনুছ (৬৫), ফাঁশিয়াখালী এলাকার সাহেদ করিম (৩০)।
আহতরা জানান, তারা চকরিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় কুতুবদিয়ার কৈয়ারবিলের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। মাতবর পাড়া এলাকায় পৌঁছালে মগনামা থেকে আসা কক্সবাজারমুখী বলাকা সার্ভিসের যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করেছে এবং অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রকিবুল হাসান/অমিয়/