নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের কাজহরদী এলাকায় রাতের আঁধারে কৃষিজমি থেকে ভেকু দিয়ে মাটি লুটের ঘটনা প্রতিরোধ করতে গেলে হামলা হয়েছে। এই হামলায় ২০ জন আহত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটেছে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকালে সোনারগাঁ থানায় এ বিষয়ে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সাদিপুর ইউনিয়নের কাজহরদী বানিয়াপাড়া এলাকা ইট ভাটার নিকটে হওয়ায় স্থানীয় শাহজাহানের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র প্রতিদিন রাতের আঁধারে সাধারণ কৃষকের জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। শনিবার রাতে কৃষি জমি থেকে মাটি কাটতে বাধা দেওয়ায় জমির মালিকদের ওপর হামলা চালায় মাটি কাটা চক্রের সদস্যরা।
হামলায় আহতরা হলেন- আক্তার হোসেন, সাদ্দাম মিয়া, মোস্তফা কামাল, আনোয়ার হোসেন, মামুন মিয়া, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম ও কবির হোসেনসহ আরও ২০ জন।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত কবির হোসেন জানান, কাজহরদী এলাকার প্রভাবশালী শাহজাহানের নেতৃত্বে আবু হানিফ, মহসিন মিয়া ও শানু মিয়া দীর্ঘদিন ধরে কৃষকের জমির মাটি জোরপূর্বক রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে। তাদের কাছে সাধারণ কৃষকরা জিম্মি হয়ে পড়েছে। অনেককেই বাধ্য হয়ে জমির মাটি বিক্রি করতে হচ্ছে।
তিনি আরও জানান, একজন কৃষকের জমি থেকে মাটি কেটে পার্শ্ববর্তী জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার তারাবির নামাজের পর এলাকাবাসী তাদের মাটি কাটতে বাধা দিলে দেশীয় অস্ত্র দা, হকিস্টিক, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালায়।
আব্দুল আলী নামে এক কৃষক বলেন, ‘মাটি লুট চক্রের সদস্যদের কাছে সাধারণ কৃষকরা জিম্মি হয়ে পড়েছে। রাতে পাহারা দিয়েও মাটি লুট ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন রাতের আঁধারে মাটি লুট হওয়ায় অনেক কৃষক বাধ্য হয়ে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছে। তিনি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।’
অভিযুক্ত শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি আবু হানিফের অধীনে চাকুরি করেন। আবু হানিফ জমির মাটি ক্রয় করে ভেকু দিয়ে কেটে ইট ভাটায় বিক্রি করেন। হামলার সঙ্গে তার সম্পর্ক নেই। রাতের মাটি কাটার সময় আক্তারের নেতৃত্বে তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। তবে আক্তার তাদের মাটি কাটার জমিতে চাঁদা দাবি করেছিলেন। না দেওয়ায় কৃষকদের নিয়ে বাধা দেওয়া হয়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি করে কৃষকের জমির মাটি লুটের ঘটনাটির সত্যতা পেয়েছি।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, ‘কৃষি জমি থেকে মাটি কাটতে বাধা দেওয়ায় হামলার অভিযোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
ইমরান/রিফাত/