চট্টগ্রামের পটিয়ায় হাসপাতাল চত্ত্বরে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় একটি প্যাকেটের ভেতর দুই দিন বয়সী শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মচারীরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৪টার দিকে আঙিনার নির্জন অংশে সন্দেহজনকভাবে রাখা একটি প্যাকেট থেকে শব্দ আসতে শুনে কর্মীরা বিষয়টি খেয়াল করেন। পরে প্যাকেট খুলে দেখা যায়, ভেতরে একটি নবজাতক রয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে জরুরি বিভাগে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়।
সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, এক যুবক ও এক যুবতী শিশুটিকে হাসপাতালে রেখে দ্রুত সেখান থেকে সরে যান। বিষয়টি পটিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
জানা গেছে, পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়নাব বিবি জানান, নবজাতকটির ওজন মাত্র ৯০০ গ্রাম। ধারণা করা হচ্ছে, সে অপরিণত অবস্থায় জন্ম নিয়েছে। ফলে তার শারীরিক জটিলতার ঝুঁকি বেশি। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু তৈয়ব বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য নবজাতকটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
তিনি বলেন, ‘শিশুটির পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে চিকিৎসা ও সুরক্ষার বিষয়ে কোনো ঘাটতি রাখা হবে না।’
শিশুটির ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে ডা. আবু তৈয়ব বলেন, ‘প্রকৃত অভিভাবকের সন্ধান না মিললে প্রচলিত নিয়ম অনুসরণ করে শিশুটির পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।’
আলভী/রিফাত/