লালমনিরহাটে অটোরিকশা চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জজ কোর্ট এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জেলার আদিতমারী উপজেলার সাপটিবাড়ি (খাতাপাড়া) এলাকার মৃত সামসুল হকের ছেলে মো. মজমুল হক (৫০) ও জেলা শহরের তালুক খুটামারা এলাকার মৃত তাহের আলীর ছেলে মো. মোসলেম উদ্দিন ভোলা (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জেলা জজ কোর্ট এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে অটোরিকশাচালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব মো. মজমুল হককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. মোসলেম উদ্দিন ভোলাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বকুল/এসজি/