গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে করা মামলায় বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি অ্যাগ্রোভেট কারখানায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (৪ মার্চ) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন- বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
তাদের দলীয় পরিচয় নিশ্চিত করেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব সেলিম আহমেদ তুলিব।
তিনি জানান, ‘বিষয়টি অবগত আছি। সম্রাট মিয়াকে বহিষ্কার করা হবে’।
মামলা সুত্রে জানা গেছে, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন মোল্লা অ্যাগ্রো ফার্মে মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়। অভিযুক্ত বিএনপির নেতারা কারখানায় গিয়ে বৈধ কাগজপত্র দেখতে চান। কাগজ না থাকলে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে কারখানাটি বন্ধ করে দেন তারা।
মোল্লা এগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কারখানায় এসে ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও তার আমাদের ওপর হামলা করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে ৷ পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পরেই আমি সাঘাটা থানায় লিখিত অভিযোগ দিই।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় কারখানার মালিক শরিফুল ইসলাম মোল্লা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নামোল্লেখ ও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়। গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রফিক খন্দকার/অমিয়/