ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল রাবিতে ছাত্রলীগের পোস্টারিং শর্তসাপেক্ষে জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর সময়সীমা বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দাউদকান্দিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল গরম গরম শিঙাড়া বিশ্ব ব্রেইন টিউমার দিবস আজ, জানুন এর বিভিন্ন দিক চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা হাজার বছরের রহস্য, উত্তর মিলল পায়রার যকৃতে! জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান তেল আবিবের হামলায় পাল্টা আক্রমণ তেহরানের আজকের মুদ্রার বাজার: ৮ জুন, ২০২৬ ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে রাষ্ট্রীয় কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ কাফনে রক্তের দাগ দেখে জানাজা স্থগিত মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. তোজাম্মেল হোসেন ইংল্যান্ডের বিশ্বকাপ ঘাঁটির কাছে গোলাগুলি, আহত ৯ দেশে প্রথমবার রোবোটিক অ্যাসিস্টেড এমআরআই-ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি সম্পন্ন বাংলাদেশ সিরিজের আগে জোড়া ধাক্কা খেল অস্ট্রেলিয়া ইসরায়েলের পাল্টা হামলায় তেহরান-তেল আবিবে নতুন উত্তেজনা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ‘বাধা’ নিয়ে ক্ষোভ, মেক্সিকোয় পৌঁছেছে ইরান দল
Nagad desktop

বরিশালের লঞ্চ ও বাসের টিকিট এখন ‘সোনার হরিণ’

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৫ এএম
বরিশালের লঞ্চ ও বাসের টিকিট এখন ‘সোনার হরিণ’
বরিশালের লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়। ছবি: খবরের কাগজ

ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের মানুষ। ছুটি শেষে কর্মজীবীদের বড় অংশ একসঙ্গে ফেরায় বরিশালের লঞ্চঘাট ও কেন্দ্রীয় বাসটার্মিনালে সৃষ্টি হয়েছে তীব্র চাপ। কেবিন, ডেক কিংবা বাস কোনোটিতেই সহজে মিলছে না টিকিট। সাধারণ যাত্রীদের কাছে একটি টিকিট এখন যেন ‘সোনার হরিণ’। 

বরিশাল লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঢাকাগামী বিভিন্ন লঞ্চ নোঙর করেছে। দুপুরের আগেই বেশির ভাগ লঞ্চের ডেক যাত্রীতে পূর্ণ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে আগেভাগে এসে যাত্রীরা বিছানা-চাদর বিছিয়ে জায়গা দখল করছেন। ফলে নতুন যাত্রীরা জায়গা না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।
অনেকে ডেকে বসার জায়গা না পেয়ে ছাদ, সিঁড়ির পাশে, করিডোর বা খোলা জায়গায় অবস্থান করছেন। যাত্রীরা অভিযোগ করেছেন, নির্ধারিত আসনের বাইরে অতিরিক্ত জায়গা দখলে রেখে বিক্রি করা হচ্ছে। লঞ্চ কর্মচারীরা বাড়তি টাকা নিচ্ছেন।

এমভি মানামী লঞ্চের যাত্রী মো. আহসান উল্লাহ বলেন, ‘দুপুরে ঘাটে এসে দেখি ডেকের প্রায় পুরো অংশ দখল করা। পরে দুজনের জন্য ছয় ফুট জায়গা ৪০০ টাকায় নিতে হয়েছে।’ কীর্তনখোলা লঞ্চের যাত্রী মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ডেকে জায়গা না পেয়ে বাধ্য হয়ে ছাদে বসেছি।’ পারাবাত লঞ্চের মিন্টু সরদার জানান, ফ্যানের নিচের জায়গা আগে থেকেই দখল করা ছিল, ৩০০ টাকায় জায়গা নিতে হয়েছে। সুন্দরবন-১০ লঞ্চের যাত্রী সাওখাত হোসেন কেবিন-ডেক কোথাও জায়গা না পেয়ে সিঁড়ির নিচে বসেছেন।

অভিযোগের বিষয়ে এমভি পারাবাতের ব্যবস্থাপক সেলিম হোসেন বলেন, ‘যাত্রীরা নিজেরাই আগে এসে জায়গা দখল করছেন। কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।’ সুন্দরবন লঞ্চের কাউন্টার ব্যবস্থাপক জাকির হোসেন জানান, ঈদের পর যাত্রীর চাপ বেশি থাকে। কেবিনের টিকিট আগেই শেষ হয়ে গেছে। শুক্রবার ও শনিবার আরও বেশি চাপ থাকবে। কারণ অনেক কর্মজীবী অতিরিক্ত ছুটি নিয়ে ফিরছেন।

এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান গত সোমবার রাতে বরিশাল নৌবন্দর পরিদর্শন করেন। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং লঞ্চের বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এবারের ঈদযাত্রায় তুলনামূলকভাবে কম দুর্ভোগের হয়েছে। অনেক ক্ষেত্রে ভাড়া কম নেওয়া হচ্ছে। লঞ্চে নির্ধারিত ১০ শতাংশ ভাড়া কমানোর নির্দেশ কার্যকর আছে কি না, যাচাই করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও জানান, যাত্রী ডাকা বা টানাহেঁচড়া বন্ধে বিআইডব্লিউটিএ-কে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া বা জোরপূর্বক উঠানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। টার্মিনাল ব্যবস্থাপনা উন্নত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘ঈদযাত্রা নিরাপদ করতে নৌপুলিশ, ফায়ার সার্ভিস, মেট্রোপলিটন পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সমন্বিতভাবে কাজ করছে। অতিরিক্ত ভাড়া ও অনিয়ম রোধে লঞ্চ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনালেও একই চিত্র দেখা গেছে। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি বাস ঢাকাসহ বিভিন্ন স্থানে ছেড়ে যায়। ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় বাসের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সকাল থেকেই বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা যায়। সকালেই টিকিট শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেকে দালাল ও কালোবাজারিদের কাছ থেকে বেশি দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন।

বাসযাত্রী শাজাহান মিয়া বলেন, ‘সকাল ৬টায় এসে কাউন্টার থেকে টিকিট পাইনি, পরে দালালের কাছ থেকে নিতে হয়েছে।’ আরেক যাত্রী সব্বির হোসেন জানান, কালোবাজার থেকে চারটি টিকিট সংগ্রহ করেছেন, প্রতিটিতে ২০০ টাকা বেশি দিতে হয়েছে।

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘অনলাইন টিকিটিংয়ের কারণে আগে থেকেই বেশির ভাগ টিকিট বুক হয়ে যায়।  ফলে কাউন্টারে চলমান বাসের টিকিট পাওয়া যায় না। কালোবাজারি রোধে মালিক সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মঞ্জু। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঞ্জু (৩৩) নামে এক জনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মঞ্জু স্থানীয় আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার পৈতৃক নিবাস গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে হলেও তার পরিবার নারায়ণগঞ্জে বসবাস করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাসার পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে গিয়ে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। শিশুটির মা বিষয়টি দেখে ফেলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মঞ্জুকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু দাবি করেন, তিনি প্রায় দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কাজ করছেন। আজ সকালে ডিউটি শেষে তিনি নয়াকান্দি গ্রামে হাঁটতে বের হয়েছিলেন। নলকূপের পাশে শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর শুরু করে। তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

গজারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা করা হবে।’

সুমন/অন্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০১ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১২:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ
বিজয়নগরে বিজিবির অভিযানে জব্দকৃত ৬ টন ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থেকে বিজিবির অভিযানে ছয় টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির একটি টহল দল ভোরে ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৬ টন জিরাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করে। জব্দ করা জিরা ও কাভার্ডভ্যানটি আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকার সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/আজহার/

কাফনে রক্তের দাগ দেখে জানাজা স্থগিত

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৫০ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১২:০০ পিএম
কাফনে রক্তের দাগ দেখে জানাজা স্থগিত
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাউজানে কাফনের কাপড়ে রক্তের দাগ দেখে সিরাজ উদ্দৌলা দুলালের (৫০) জানাজা স্থগিত করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রবিবার (৭ জুন) বিকেলে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ননা হাজী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর সুন্নিয়া মাদরাসা-সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন দুলাল। রবিবার সকালে নগরীর ওই বাসায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে দুপুর ২টার দিকে কাফনে মোড়ানো মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি রাউজানের পূর্বগুজরায় আনা হয়।

জানাজার প্রস্তুতির সময় উপস্থিত লোকজন কাফনের কাপড়ে অতিরিক্ত রক্তের দাগ দেখতে পান। এতে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয়রা দাফন কার্যক্রম স্থগিত করে পুলিশকে জানান।

স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়েছিল। কিন্তু জানাজার ঠিক আগে লাশ খাটিয়ায় তোলার সময় কাফনের কাপড়ে অতিরিক্ত রক্ত দেখা যায়। এতে সবার মনে সন্দেহ সৃষ্টি হলে দাফন বন্ধ করে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ভগ্নিপতি মো. ইউসূফ বাবুল অভিযোগ করে বলেন, সম্প্রতি সিরাজউদ্দৌলাকে তার স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছিলেন। পরে তিনি এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। এরপর আবার নিজের বাসায় ফিরে যান। তার মাথায় তিনটি কোপের চিহ্ন রয়েছে। এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানাই।

তবে নিহতের স্ত্রী জাহেদা বেগম দাবি করেন, তার স্বামীর মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। তার ভাষ্য, মৃত্যুর দুই দিন আগে চেয়ার থেকে পড়ে গিয়ে তিনি সামান্য আঘাত পেয়েছিলেন।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৯টার দিকে মরদেহ উদ্ধার করেন।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, মূল ঘটনাটি চট্টগ্রাম নগরী এলাকায় ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিদারুল আলম/তামান্না রুপা/

হামে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ১ শিশুর মৃত্যু, ভর্তি ২৯

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৯ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১১:০৯ এএম
হামে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ১ শিশুর মৃত্যু, ভর্তি ২৯
ছবি: খবরের কাগজ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে ৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ শিশু ভর্তি হয়েছে।

গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার পর শেরপুরের শ্রীবরদীর ৬ বছরের শিশুটিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পরে দুপুর আড়াইটার দিকে শিশুটি মারা যায়।

সোমবার (৮ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৮ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৬০ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৭টি শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৮০০টি শিশু। বর্তমানে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছে ১১২টি শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/তামান্না রুপা/

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৪২ এএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১০:৪৫ এএম
মানিকগঞ্জে  চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) ভোর রাতে সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রাজীব পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা। তিনি ফুলবরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) রাত আনুমানিক ২টার দিকে বান্দাইল গ্রামের মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজীব বাড়ির টিনশেড ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় তার আরও চার থেকে পাঁচজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, ঘরে প্রবেশের পর নগদ প্রায় চার লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাঁধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে তিনি মাথার ডান পাশে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা আল-আমিন জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ ছিল বলে জানা যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আসাদ জামান/অন্তরা