টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত ট্রেন দুর্ঘটনায় নিহত পাঁচজনের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধায় আনা হয়েছে। পাঁচজনের মধ্যে একই পরিবারের ছিল দুইজন।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে তাদের বাড়িতে আনা হয়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন, নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস (৩৫) ও তার ছেলে নিবর মিয়া (১৫)। একই গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান (৩০), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০) এবং একই উপজেলার ছত্রগাছা গ্রামের জাকির মিয়ার স্ত্রী দোলা বেগম (৩৫)।
মরদেহ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদত হোসেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা রাতেই টাঙ্গাইলে ছুটে যান এবং সকালে মরদেহ নিয়ে বাড়িতে ফেরেন। জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দুপুরের মধ্যেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
জানা গেছে, নিহতরা সবাই দরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন। ঈদের ছুটি শেষে গতকাল শুক্রবার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। পথিমধ্যে তাদেরকে বহনকারী বাসটির তেল শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তারা সড়কের পাশে নেমে পড়েন। পরে অসতর্কভাবে রেললাইনের ওপর বসে কথা বলার সময় হঠাৎ দ্রুতগামী ট্রেন এসে পড়লে সরে যাওয়ার আগেই ঘটে যায় এ দুর্ঘটনা।
এ ঘটনায় স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ, আর প্রিয়জন হারানোর শোকে বাগরুদ্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।
রফিক খন্দকার/নাঈম