কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি ভুট্টা ক্ষেতে নিয়ে উম্মে হাবিবা (৮) নামে এক শিশুকে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতকারী বেদম মারধর ও শারীরিক নির্যাতন করে। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল ও গলার চেইন নিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উম্মে হাবিবা দাউদকান্দি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর হাসানপুর গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে মেয়েটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। উম্মে হাবিবাকে পাওয়া যাচ্ছে না এ খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয়রাও খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা মেয়েটিকে আহত অবস্থায় ভুট্টা ক্ষেতে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। এ বিষয়ে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাদল/রিফাত/