দেশ জুড়ে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান।
শনিবার (৪ এপ্রিল) সকালে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি রোগীদের পরিদর্শনে এসে তিনি আহ্বান জানান।
এ সময় তিনি নিজে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা পরিস্থিতি তদারকি করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে মোট ১১ জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আটটি জন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক।
রোগীদের চিকিৎসার জন্য ইতোমধ্যে একটি বিশেষ ইউনিট চালু করা হয়েছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক সেবা দিচ্ছেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য জানান, সারা দেশে হাম রোগ মহামারি আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, মাগুরায় এখনো রোগের বিস্তার তুলনামূলক কম হলেও আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন এবং বর্তমানে ভর্তি সব রোগীই ঝুঁকিমুক্ত।
তিনি আরও জানান, হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট, শিশু বিশেষজ্ঞ এবং সুপারিনটেনডেন্টসহ সব চিকিৎসক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ করছেন।
তিনি নিজেও পুরো পরিস্থিতি তদারকি করছেন বলেও উল্লেখ করেন।
জনসাধারণের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, হাম রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কোনো অবহেলা না করার জন্য অভিভাবকদের প্রতি তিনি অনুরোধ জানান।
সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়াও তিনি জানান, হাম প্রতিরোধে পর্যাপ্ত টিকার ব্যবস্থা রয়েছে এবং সরকার এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে।
কাসেমুর রহমান/অমিয়/