সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে গাইবান্ধায় 'মেসার্স রুহুল ট্রেডার্স' নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ জরিমানা ধার্য করেন অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযোগসূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন 'মেসার্স রুহুল ট্রেডার্স' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার ১৮৫০ টাকায় কেনেন রওশন হাবিব নামের একজন সংবাদকর্মী। পরে ওইদিনই এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (৫ এপ্রিল) বিকেলে দু'পক্ষ ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা কার্যালয়ে শুনানির আয়োজন করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় মেসার্স রুহুল ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় 'মেসার্স রুহুল ট্রেডার্সের' স্বত্বাধিকারী রুহুল আমিন বাবুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে শুনানির রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী রওশন হাবিব। তিনি দাবি করেন, অভিযুক্ত প্রতিষ্ঠান শুনানিতে যেসব কাগজপত্র প্রদর্শন করেছে, সেগুলো মূল কপি ছিল না। তিনি অভিযোগ করেন, "নথিগুলো কম্পিউটারের দোকান থেকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।" সঠিক বিচার পাননি উল্লেখ করে তিনি এই আদেশের বিরুদ্ধে পরবর্তী উচ্চতর পর্যায়ে আপিল করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
রফিক খন্দকার/নাঈম